পেকুয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২ পিএম
সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পেকুয়ার প্রত্যন্ত গ্রাম মাতবর পাড়ার এক মেধাবী শিক্ষার্থী—মোহাম্মদ শাওন। সম্প্রীতি শিক্ষার্থী জোটের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রীড়া সম্পাদক পদে।
শাওনের শৈশব-কৈশোর কেটেছে পেকুয়ার জনপদেই। তিনি পেকুয়া সরকারি জি.এম.সি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাঠেও রয়েছে তার সমান পদচারণা।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় ও একজন সফল অ্যাথলেট হিসেবে শাওন ইতোমধ্যে শিক্ষাঙ্গনে অর্জন করেছেন বিশেষ পরিচিতি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টানা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থেকে অর্জন করেছেন একাধিক সম্মাননা ও স্বীকৃতি। ক্রীড়াঙ্গনে তার নাম ইতিমধ্যেই হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক।
চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মোহাম্মদ শাওন বলেন—“আমি একজন বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলোয়াড় ও অ্যাথলেট। স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ক্রীড়ার সঙ্গে একাত্ম ছিলাম। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে কাজ করার অসীম সম্ভাবনা আছে। তাই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্রীড়া চেতনাকে জাগ্রত করতে আমি কাজ করতে চাই।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ অঙ্গনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে পেকুয়ার তরুণ এই কৃতি সন্তান হয়ে উঠেছেন স্থানীয়দের গর্ব। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়া শাওন এখন চাকসু নির্বাচনের এক উজ্জ্বল মুখ।