বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঘর পেয়ে আবেগাপ্লুত আয়েশা বেগম বলেন, স্বামী মারা যাবার পর থেকে দুই সন্তানকে নিয়ে ভাঙাচোরা ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। সন্তানরা কোনো রকমে রিকশা চালিয়ে সংসার চালাতো। এ অবস্থায় রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমাদের জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দিয়েছে। এই উপকার কোনোদিন ভোলার নয়। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা পল্লী চিকিৎসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে কাজ করছি। শুধু একটি পরিবার নয়, ধীরে ধীরে আরও বহু পরিবারকে সহায়তা করতে চাই। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. শামীম, অর্থ বিষয়ক সম্পাদক মো. আল আমিন, উপদেষ্টা সদস্য মো. কালাম, ইসমাইল, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মতিন মিয়া, দেলোয়ার মিয়া, রফিক মিয়া, মো. সুমন ও হেলালসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।