চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৯:১৭ পিএম
চট্টগ্রামে প্রতারকদের নতুন দল বমি পার্টির চারজন গ্রেপ্তার। ছবি : প্রবা
চট্টগ্রামে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর ‘বমি পার্টি’ নামে ছিনতাইয়ের নতুন এক দলের কথা জানতে পেরেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ বলছে, এই দলের সদস্যরা পরিকল্পিতভাবে গণপরিবহনে উঠে সহযাত্রীর মুখে বমি করে পরে বমি মোছার নামে তার কাছে থাকা টাকা ও মালামাল হাতিয়ে নেয়।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চার আসামি হলেন, রনি মিয়া, রানা প্রকাশ জিসান, সুমন ও নাঈম আলম। তারা চার জনই ময়মনসিংহের সদর উপজেলার বাসিন্দা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ২১ নভেম্বর কোতোয়ালি থানার সার্কিট হাউজ সংলগ্ন রাস্তায় ৩ নম্বর সিটি বাসে সাইফুদ্দিন খালেদ নামে একজনের পকেট থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়। সে ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করি। অভিযোগে তিনি বলেছিলেন তার সহযাত্রীদের একজন তার মুখে বমি করেছিলেন, কয়েকজন তাকে সাহায্য করেন সেই বমি মুছতে। এর পর আমরা ওই এলাকার সিসিটিভি পর্যালোচনা করে চারজনকে আটক করেছি। তারা অপরাধ স্বীকার করে নিয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।’
গ্রেপ্তার আসামিদের বরাত দিয়ে মেহেদী হাসান বলেন, ‘এরা মূলত একটি ছিনতাই চক্র। যারা বিভিন্ন ব্যাংকের সামনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে আসা ব্যক্তিদের টার্গেট করে। টাকা তুলে কেউ গণপরিবহনে উঠলে তারাও ওই ব্যক্তিকে অনুসরণ করে বাসে উঠে। একজন টার্গেটের গায়ে বমি করে দেয়। পরে চক্রের অন্য সদস্যরা এগিয়ে এসে তার বমি মোছার অজুহাতে পকেট থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়।’
এর আগে বন্দর থানা এলাকায় একইভাবে তারা একটি ছিনতাইয়ের করেছে বলে জানিয়েছেন তিনি।