রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১ পিএম
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে বিকাল ৫টায় নগরীর জিরো পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে জিরো পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা না মানলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। গণভোটে আসেন। এই ৫ দফা আদায় করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে যাব। ‘সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ’।
দলটির ৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।