কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
গাজীপুরের মৌচাকে শুরু হয়েছে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্কাউটদের আইসিটি বিষয়ক দক্ষতা বাড়াতে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় এ জাম্বুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর আহ্বায়ক ও সড়ক পরিবহন বিসয়ক সিনিয়র সচিব এহসানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আসিফ-উল হকসহ উর্ধ্বতন স্কাউট কর্মকর্তারা।
জাম্বুরীতে অংশগ্রহনকারী ১১ থেকে ১৬বছর বয়সী স্কাউট ছেলেমেয়েরা তিনদিন জাম্বুরী এলাকায় তাঁবুতে বসবাস করবেন এবং কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে আইসিটি বিষয়ক জ্ঞানার্জন করবেন এবং তাদের মধ্যে থাকা উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
তিনদিনব্যাপি জাম্বুরীর কর্মসূচির মধ্যে রয়েছে- টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন ও ক্যাম্প ফায়ার।
জাম্বুরীর মিডিয়া টিমের সদস্য সচিব মশিউর রহমান জানান, এই জাম্বুরীতে সারাদেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মুক্ত স্কাউট গ্রুপ থেকে বাছাই করা বিজ্ঞানমনষ্ক ৮শ স্কাউট, একশ স্কাউট লিডার, ২শ কর্মকতা ও স্বেচ্ছাসেবি রোভার স্কাউটসহ মোট ১১০০ জন স্কাউট ব্যক্তিত্ব অংশ নেবেন। স্কাউট কর্মকর্তা ও স্কাউট ছেলেমেয়েরা ইতোমধ্যে জাম্বুরী ময়দানে এসেছেন। আগামী শনিবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হবে এবং আগামী শনিবার জাম্বুরী শেষ হবে।