নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তারে যাওয়ার সময় এক নারীসহ চার প্রতারক এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ পরিচায়দানকারী প্রতারকদের কাছ থেকে দুটি ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডকাফ, দুটি ডেমো শটগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর থেকে পুলিশ পরিচয়দানকারী প্রতারকদের গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় সদরের চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া থেকে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।
পুলিশ পরিচয়দানকারীরা হলেনÑ ঢাকার উত্তর ভাটারা এলাকার আবুল বাসার শরিফের স্ত্রী সাবরিনা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত, রূপগঞ্জ কুলিয়াদি এলাকার দ্বীন ইসলাম এবং ঢাকার রমনা থানার বড় মগবাজার এলাকার ফুল মিয়া। গণঅধিকার পরিষদের নেতা পরিচয়দানকারীরা হলেনÑ নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকার আরিফ এবং শহরের মাদার মোল্লা বলিরঘাট এলাকার ফরহাদ হোসেন ওরফে শোভন।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বুধবার রাতে জলিল চত্বর চেকপোস্টে রাজশাহীগামী একটি মাইক্রোবাস তল্লাশিকালে মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের কাছে একটি ডেমো পিস্তল, দুটি শটগান, দুটি হ্যান্ডকাফ, ডিএমপি এবং ডিবি পুলিশের পোশাক পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা শুটিংয়ের কথা বললেও কোথায় এবং কী শুটিং করবেন তার সদুত্তর দিতে পারেন না। পরবর্তীতে তাদের মোবাইল তল্লাশি করলে একটি জিডির কপিও পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।