কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম
কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর শিকার পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তবে হাতিটির কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নন বলে জানান বনবিভাগের এ কর্মকর্তা।
স্থানীয়দের বরাতে আব্দুল মান্নান বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকায় ধানক্ষেতের পাশে মৃত অবস্থায় বন্যহাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মুখ দিয়েও লালা পড়ার দৃশ্যের দেখা মিলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে।
বনবিভাগের উখিয়া রেঞ্জের এ কর্মকর্তা আরও বলেন, হাতিটি উদ্ধারের পর বুধবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে ভেটেনারী সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করা হয়েছে। দোছড়ি বনের পাশে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।