আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২টি পিক-আপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।
স্থলবন্দরের মাছ রপ্তানীকারক মোঃ নেছার উদ্দিন ভূইয়া বলেন, ২টি পিক আপে ৫৩টি বক্সে মাছগুলো পাঠানো হয়েছে। আজ বিকালে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, বৃহস্পতিবার প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে। এখন থেকে শারদীয় দূর্গাপুজার আগের দিন পর্যন্ত প্রতিদিনই মাছ যাবে।
এসব ইলিশ ভারতে রপ্তানী করেছে যশোরের বেনাপোলের মাহতাব এন্ড সন্স। এবং মাছের আমদানীকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।