রংপুর অফিস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। রংপুর বিভাগের ৮ জেলায় চর, দ্বীপচর, প্রত্যন্ত এলাকাসহ ২ হাজার ৭৬০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৫২০ জন প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল পরবর্তী সময়ে বিনামূল্যে কোচিং আকারে শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে এ বেসরকারী উন্নয়ন সংস্থা।
এতে করে অভিজ্ঞ শিক্ষকের সহযোগিতা পেয়ে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে পারছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে আশার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
আশা’র বিভাগীয় ব্যবস্থাপক এস এম বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশা’র সহকারী পরিচালক নাহিদ খান, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ অন্যরা।
সভায় জানানো হয়, গেল অর্থ বছরে আশা রংপুর বিভাগে ৬ হাজার ২৬৭ কোটি টাকা ঋণ বিতরণের পাশাপাশি দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, ১০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানসহ সামাজিক নিরাপত্তা খাতে ১১০ কোটি টাকা ব্যয় করেছে। ভবিষ্যতে সমাজের উন্নয়নমূলক কার্যক্রম অব্যহত রাখার কথা জানিয়েছে আশা।