কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম
কর্ণফুলী থানা–পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মইজ্জারটেক মোড় এলাকার পুলিশ বক্সের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এ মাইকিং করতে দেখা যায়। এ ধরনের একটি ভিডিও যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’
তবে বিষয়টি ভুলভাবে প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি জানান, নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। এবার তা আরও জোরালো করা হচ্ছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে।’
মুহাম্মদ শরীফ আরও বলেন, ‘বাড়ির মালিকেরা নিজেদের অজান্তেই সন্ত্রাসী ও জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দিয়ে থাকেন। কিন্তু সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। এ জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনা ঘটে। সেখানে স্বামীর নাম ঠিকানা ও পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে।’
তবে রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা সিএমপি চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে সিঙ্গেল ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। পরিচয়পত্র জমা ছাড়া কোনো ভাড়াটিয়া রাখা যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিককেও দায় নিতে হবে।’