× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রেন নির্মাণকাজে ধীরগতি, যানজটে চরম ভোগান্তি

এম আর কামাল, নারায়ণগঞ্জ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ এএম

প্রধান সড়কের একপাশ দখল করে ড্রেন নির্মাণ করছে নাসিক। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। বুধবার নারায়ণগঞ্জের বিবি রোড থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

প্রধান সড়কের একপাশ দখল করে ড্রেন নির্মাণ করছে নাসিক। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। বুধবার নারায়ণগঞ্জের বিবি রোড থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

বিবি সড়ক নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়ক। চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত এ সড়ককে বলা হয় শহরের প্রাণকেন্দ্র। প্রতিদিন লাখো লাখো মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু এবং যানবাহনের অন্যতম রুট হওয়ায় এই সড়কের গুরুত্ব অপরিসীম। তবে প্রায় এক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় পাশে ড্রেন নির্মাণকাজ চলছে ধীরগতিতে। ফলে নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের একাধিক স্থানে গত আট মাস ধরে গভীর ড্রেন নির্মাণের জন্য সড়কের পাশে নির্মাণসামগ্রী ও যন্ত্রাংশ ফেলে রাখায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। যথাযথ নিরাপত্তা বেষ্টনী না থাকায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কাও। তবে নাসিক কর্তৃপক্ষ বলছে, গভীর ড্রেন নির্মাণ একটি মেগা প্রকল্প। শহরে মালামাল রাখার খালি স্পেস না থাকায় যানজটে নগরবাসীর দুর্ভোগ হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবে রাতের বেলায় নির্মাণকাজ করতে ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) কর্তৃপক্ষ জানায়, গত বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে শহরের জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণকাজ। জাপানিজ উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে ৩৯ কোটি ৮৬ লাখ টাকা বাজেটের দুটি ডিপ ড্রেন (গভীর ড্রেন) নির্মাণকাজ চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কালিরবাজার নবাব সিরাজউদ্দৌলা সড়ক ও শায়েস্তা সড়কে ইতোমধ্যে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযোগ ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। এই গভীর ড্রেনটি বঙ্গবন্ধু সড়ক হয়ে গলাচিপা দিয়ে মাসদাইর পর্যন্ত যাবে। অপরদিকে চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ গভীর ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্প দুটির মধ্যে একটির মেয়াদ ২০২৬ সালের ২৬ জুন এবং অন্যটি ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি ধরা হয়েছে। 

সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের কয়েকটি স্থানে একযোগে গভীর ড্রেনের নির্মাণকাজ করছেন শ্রমিকরা। সড়কের পাশে ইট, বালি, ভেকু (এক্সকাভেটর) ও নির্মাণসামগ্রী রাখায় সড়কের লেন প্রায় বন্ধ হয়ে আছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শহরের যান চলাচল। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পাঁচ মিনিটের পথ পেরুতে সময় লাগছে আধা ঘণ্টারও বেশি। অনেক স্থানেই গভীর ড্রেনগুলো উন্মুক্ত থাকায় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও রয়েছে। ড্রেন সংস্কারের কাজের কারণে বিবি রোডের দুই পাশ সরু হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সময় নষ্ট হচ্ছে, যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে।

ঠিকাদার ফয়সাল রহমান জানান, ইতোমধ্যে সিরাজউদ্দৌলা সড়ক ও শায়েস্তা খান সড়কে গভীর ড্রেন ইতোমধ্যে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। কিছুদিনের মধ্যে শায়েস্তা খান সড়ক দিয়ে যান চলাচল শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে ড্রেনের নির্মাণকাজ শেষ করতে পারবেন বলে আশা করেন তিনি।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এমএ করিম জানান, শহরের যানজটের অন্যতম বড় কারণ বছরখানেক ধরে বিবি রোডে ড্রেন সংস্কার কাজ চলমান থাকা। যদি এ কাজগুলো দিনে না করে রাতে করা হতো, তাহলে এতটা যানজট সৃষ্টি হতো না। যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

নাসিকের নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী জানান, দিনের বেলা হালকা কাজ এবং রাতের বেলা ভারী কাজগুলো করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ড্রেন সংস্কার কাজ শেষ হবে।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঠিকাদারদের রাতের বেলায় ভেকু দিয়ে মাটি অপসারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যত্রতত্র নির্মাণসামগ্রী না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা