নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৭ পিএম
নোয়াখালী সদর উপজেলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিহত তিন জেলের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতদের পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান।
জানা গেছে, কিছুদিন আগে নোয়াখালী ইউনিয়নের পূর্ব চর এলাহী গ্রামের জেলে সজিব, শরিফ এবং অশ্বদিয়া ইউনিয়নের কিল্লারহাটের জেলে নাজিম বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারান। পরে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহজাহান নিহতদের কবর জিয়ারত করেন। এরপর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্রমিকদল নেতা জসিমের কবরেও জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক এমপি শাহজাহান বলেন, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে আমাদের মেহনতি তিন জেলের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। তাদের পরিবার দুঃখ-কষ্টে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা জনগণের দুঃসময় ও দুর্দশায় পাশে থাকেন। তার পক্ষ থেকে নিহতদের পরিবারকে সামান্য সহায়তা পৌঁছে দিয়েছি।