চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম
আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের নতুন অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস এম নুরুল হক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস এম নুরুল হক। তিনি বলেন, বাতিলকৃত টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ সদস্যদের পুনর্বহাল করে অতীতে চেম্বারকে ব্যক্তিগত ও পারিবারিক সংগঠন হিসেবে ব্যবহারকারীদের সঙ্গে যোগসাজশে একটি চক্র আবারও এই প্রতিষ্ঠানকে বিগত দিনের ন্যায় দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের আবারও বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ও আত্মীয়স্বজনসহ বিভিন্ন ঘনিষ্ঠজন ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যা চেম্বারকে আবারও ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।