× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরের ঢেউয়ে ভাঙছে ভূমিহীনদের গ্রাম, আতঙ্ক কাটছে দিন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২১ পিএম

হাওরের ঢেউয়ে ভাঙছে ভূমিহীনদের গ্রাম, আতঙ্ক কাটছে দিন

সুনামগঞ্জের দূর্গম হাওরের উপজেলা মধ্যনগরের গ্রামগুলোতে বসবাসরত বিশাল জনগোষ্ঠী ঢেউয়ের কারণে ভাঙন আতঙ্কে দিন পার করছেন। প্রতিবছর বন্যায় এসব গ্রামের বাসিন্দারা ঘরের ভেতরে পানি আর হাওরের উত্তাল ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে চরম দুর্ভোগ পোহান। গত কয়েক বছর ধরে পর পর বন্যা ও অতিবৃষ্টির সময় খুব নাজেহাল হন তারা। চোখে না দেখলে বোঝার উপায় নেই, হাওরের বিচ্ছিন্ন দ্বীপের মতো অধিকাংশ গ্রামের বাসিন্দারা কতটা দুর্ভোগে আছেন।

সরজমিনে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভূমিহীনদের গ্রাম আলমপুর নয়াপাড়ায় গিয়ে দেখা যায়, হাওরের উত্তাল ঢেউ থেকে বাঁচতে গ্রামের প্রতিটি বাড়ির সামনে বাঁশ, বন, কুচুরিপানা দেওয়া হয়েছে। ঢেউ থেকে ঘরবাড়ি রক্ষার আপ্রাণ চেষ্টা করলেও ঢেউয়ের থাবায় প্রতিটি বাড়ির সামনে ও পেছনে ১৫-২০ ফুট মাটি ভেঙে হাওরে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকিতে পড়ছে ভূমিহীনের জন্য সরকারি অর্থায়নে নির্মিত ২০টি আধাপাকা ঘরসহ ৪৫টি কাঁচা বসতভিটা। ঢেউয়ের কারণে অনেকের ঘরের বেড়া ভেঙে গেছে, ঘরও যে কোনো সময় ভেঙে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া জানান, গ্রামের চারদিক থেকেই ঢেউয়ের আঘাতে অনেক বাড়ির উঠান, রান্নাঘর ও শৌচাগারের মাটি ভেঙে গেছে। প্রতিবছর এভাবে ভাঙতে থাকলে গ্রামের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণে সরকারের সুনজর প্রত্যাশা করছেন। দীর্ঘস্থায়ী বন্যা ও হাওরের ঢেউয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন তারা।

আরেক বাসিন্দা আক্কেব আলী বলেন, এভাবে প্রতিবছর বন্যায় বাড়ির মাটি ঢেউয়ের আঘাতে ভেঙে যায়। গত বছর তিনি তার বড়িতে ৪০ হাজার টাকার মাটি কাটালেও ঢেউয়ের আঘাতে সব মাটি ভেঙে হাওরে বিলীন হয়ে গেছে। তিনি আরও বলেন, গ্রামের সামনে গজতলা হাওরের উত্তাল ঢেউ সরাসরি আঘাত হানে। তাই আমাদের গ্রামটি রক্ষায় একটি প্রতিরক্ষা দেওয়াল নির্মাণে সরকার ও জনপ্রতিনিধিদের বিশেষ অনুরোধ জানাই।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘হাওরের ঢেউয়ে ভাঙনকবলিত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবের তালিকা করে গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ প্রকল্পের ডিপিপি করা হচ্ছে। হাওর এলাকায় বেশি ঢেউ আঘাত হানে এমন সব গ্রামে ‘ভিলেজ প্রটেকশন ওয়াল’ বা গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণের পরিকল্পনা করেছি। অচিরেই কাজ শুরু হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা