টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩ পিএম
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুইজবাড়ি বাজার সংলগ্ন লিওন বেকারির মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তম। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন মুখোশধারী ওই বেকারিতে ঢুকে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, উত্তমের বাড়ির পাশে ‘লিওন বেকারি’ নামে তাদের একটি বিস্কুট ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে উত্তম ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কুপিয়ে আহত করে।
তারা আরও জানান, ফ্যাক্টরির বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল এবং মুখবাধা অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ভেতরে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা উত্তমকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছিল। তাকে না পেয়ে তার স্ত্রী লিলিকে কুপিয়ে হত্যা করেছে।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা যারাই ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কী কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ ব্যাপারে আনিসুর রহমান উত্তম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন।