রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪৮ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৮:১৯ পিএম
মঙ্গলবার রাজশাহীতে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রবা
রাজশাহীতে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি করেছে পুলিশ। ইতোমধ্যে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে দলের এক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তারও করেছে বাহিনীটি।
বুধবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের ঘটনার পর থেকেই নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। ওইদিন রাতেই অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর শাহ মখদুম থানার নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ইমাজউদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি ও মসজিদ মিশন কলেজের শিক্ষক শাহাদৎ হোসেনসহ অন্যান্য নেতারা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর কাদিরগঞ্জ শহীদ নজমুল হক স্কুলের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের কয়েকশ নেতাকর্মীরা। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী মহানগর জামায়াত ওই মিছিলের আয়োজন করে।
একপর্যায়ে নগরীর দরিখরবোনা মোড় থেকে শুরু করে উপশহর মোড় পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ নামের দুই পুলিশ সদস্য আহত হন।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’