উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩ এএম
বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে ছিটকে পড়ে এক নববধূ নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওটারা ইউনিয়নের বাগরারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নববধূর নাম মোসাম্মৎ খাদিজা বেগম (১৯)। তিনি উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। ১ মাস আগে কোর্ট কাবিনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নিহত খাদিজা বেগমের বাবার বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অন্তর আহমেদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নববধূ ও তার স্বামী মোটরসাইকেল যোগে সাতলার শাপলা বিলে ঘুরতে গিয়েছিলেন। সাতলা থেকে উজিরপুর ফেরার পথে বাগরারপাড় এলাকায় গেলে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন খাদিজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ওই নববধূকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।