প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৭ পিএম
খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক খুলনার কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে সেখান থেকে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ একজন শিকারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, ফাঁদ এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।