রংপুর অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
রংপুরে ভূমিহীন পরিবারদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে নগরীর শাপলা চত্বর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেঘনাথ দাস, শ্যামল রায়, নয়ন চন্দ্র, অমল, দুলাল হোসেন, লাবু মিয়া, ইব্রাহিম মিয়া, শংকর রায়, ফজলু মিয়া, একরামুল হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, স্বাধীনতার পর নগরীর শাপলা চত্বর এলাকায় সরকারি ৫১ শতক জমিতে বসবাস করে আসছেন ২০টি হিন্দু-মুসলিম ভূমিহীন পরিবার। এখনকার বাসিন্দারা মাটি কাটা, রিকশা-ভ্যান চালানো, পান দোকান করা, ইট ভাঙাসহ নানা শ্রমনির্ভর কাজ করে জীবিকা নির্বাহ করছেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তিতে একদল ভূমিদস্যু ওই জমি দখলের চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, বিগত সময়েও ভূমিহীন মানুষদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। এখন ডিসি অফিসের কর্মকর্তাসহ সারাদেশের মানুষ ভয় করে এনসিপিকে। তারা ডিসির মাধ্যমে ওই জমি বরাদ্দ নিয়ে তাদের অফিস ও মার্কেট করবে। তারা আমাদের মতো গরিব মানুষকে এখন থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে বলে মানববন্ধন করেছি। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে পরবর্তী সময়ে গোটা শাপলা চত্বর এলাকার মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব।