পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮ পিএম
মানসম্মান ও জীবনের নিরাপত্তা চেয়ে দিনাজপুরের পার্বতীপুর ঝাউপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তার লিখিত অভিযোগে তিনি বলেন, স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারি শিক্ষিকা তৈয়বা খাতুন আফরোজা খাতুনকে কারণে-অকারণে মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন। আফরোজা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় ঘুমাতেন এবং দেরিতে স্কুলে আসতেন। এসব কারণে স্কুলের শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে। আমি এই সমস্যার বিষয়টি উপজেলা শিক্ষা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।
উল্টো কর্মকর্তাদের নির্লিপ্ততার সুযোগে আসমা খাতুন তার আত্মীয়-স্বজনকে লেলিয়ে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। তাদের ভয়ে আমি আমার মাকে নিয়ে স্কুলে যাতায়াত করছি। আমার মাকে যে রুমে বসিয়ে রাখা হয়, সেই রুমে জানালার পাশে বিষ ছিটিয়ে রাখা হয়। এছাড়াও আমাকে বলা হয় যে, মাকে নিয়ে স্কুলে আসবেন না।
আসমা খাতুনের শ্বশুরবাড়ি বিদ্যালয় সংলগ্ন গ্রামে হওয়ায় তিনি তার ফুপা শ্বশুর ও অজ্ঞাত সন্ত্রাসী আমার পিছনে লেলিয়ে দিয়েছেন। তারা আমাকে বাস্তা-ঘাটে আটক করে উত্যক্ত করেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নিরাপত্তাহীনতার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর চেষ্টা করছি।