বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
অভিযুক্ত নাহিদ শিকদার।
বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মো. নাহিদ শিকদার (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রবিবার সন্ধ্যায় সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার সিঁড়ির নিচ থেকে হত্যার শিকার ইজিবাইক চালকের মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মো. নাহিদ শিকদারের কাছ থেকে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা ইজিবাইক চালক শহিদুল মোল্লা (৪৫) কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার জন্য কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের পরিত্যক্ত ডেইরি ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুল মোল্লার মুখে স্কচটেপ প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার শিকার ইজিবাইক চালকের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।