সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটা দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা পানিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
সোহেলের বড় ভাই খলিলুর রহমান জানান, সোমবার সকালে সোহেল পানিয়ার বাইদ এলাকার শামসুল আলমের বাড়িতে স্থানীয় বিদ্যুৎকর্মী মনিরের সহযোগী হিসেবে কাজ করতে যায়। হঠাৎ অসাবধানবশত বিদ্যুস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, সোহেল বিদ্যুৎকর্মীর পাশাপাশি অটোরিকশাও চালাতেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।