খুলনা অফিস ও বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
আসছে ৬ অক্টোবর থেকে খুলনা, বাগেরহাট, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার, রুট পারমিটবিহীন যানবাহনের বেপরোয়া চলাচল ও পুরোনো দাবির বাস্তবায়ন না হওয়াকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা। তাদের অভিযোগ, বিআরটিসির নামে অনুমোদন ছাড়াই কিছু গাড়ি রাস্তায় চলছে এবং যত্রতত্র কাউন্টার বসানো হচ্ছে। স্থানীয় ডিপো কর্মকর্তাদের সহযোগিতায় একটি চক্র এ কার্যক্রম চালাচ্ছে। এতে বৈধ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন-করিমনের মতো রুট পারমিটবিহীন যানবাহন চলাচল করছে। এসব গাড়ি চালাচ্ছেন অনভিজ্ঞ ও লাইসেন্সবিহীন চালকরা। এতে সড়কে শৃঙ্খলা ভাঙছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়া অনুমোদনহীন বিআরটিসি বাস পরিচালনা ও কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিট ছাড়া যানবাহন চলাচল বন্ধ ও সেপ্টেম্বর মাসে দেওয়া দাবিসমূহ মানা না হলে আগামী ৬ অক্টোবর ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান ও লাইন সম্পাদক সরদার জসীম।