চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম
কর্মস্থল থেকে সুভাষ দেবনাথ (৫৫) নামে এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালির রুমঘাটার দেওয়ানবাজার আবাসিক এলাকার একটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিরাপত্তা প্রহরীর জন্য তৈরি একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। প্রায় ৭-৮ দিন আগে তার মৃত্যু হতে পারে।
সুভাষ দেবনাথের বাড়ি নগরীর হাজারি গলি এলাকায়। তিনি নগরীর দেওয়ানবাজার এলাকার একটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ছোট ভাই প্রণব দেবনাথ জানান, তার ভাই রুমঘাটা দেওয়ানবাজার এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। প্রায় সময় পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি বাড়ির বাইরে থাকতেন। সপ্তাহখানেক আগেও বাসায় ঝামেলা হয়েছিল। এরপর থেকে তিনি বাসায় যাননি।রবিবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে কর্মস্থলে আমার বড় ভাইয়ের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ পেয়েছি।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বলেন, দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে- সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি।