নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ পিএম
প্রতীকী ছবি।
নেত্রকোনার খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় ধনু নদে গত শুক্রবার বিকালে স্পিডবোট ডুবে তিন শিশুসহ নিখোঁজ ৪ জনেরই মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
রবিবার ( ১৪ সেপ্টেম্বর) নিখোঁজদের মধ্যে সর্বশেষ দুপুর আড়াইটার দিকে শিশু সামিয়ার (১১) মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, সকাল পৌনে ৯টার দিকে লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া শনিবার দুপুরে উষা মনির (৫) লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হওয়ার আগমূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে স্থানীয় ধনু নদে স্পিডবোট নিয়ে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে শিরিন আক্তার (১৮) খালিয়াজুরী উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে, শিশু লায়লা (৭) আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে, শিশু উষা মনি (৫) নোপায়েল মিয়ার মেয়ে ও শিশু সামিয়া (১১) সামসু মিয়ার মেয়ে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।