বেড়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪ পিএম
প্রবা ফটো।
পাবনার বেড়ায় ৬৮ পাবনা ১ (বেড়া-সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুর্ণবহালের দাবিতে দ্বিতীয় দিনের মত সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বেড়া উপজেলার বাসিন্দারা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ট থেকে হরতাল শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় মহাসড়কে টায়ার জ্বালীয়ে ও গাছের গুড়ি ফেলে আন্দলন করতেও দেখা গেছে। এতে বেড়া পৌর এলাকার সকল ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।
এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। ফলে এ রাস্তা দিয়ে চলাচল করা কয়েকটি জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া গেজেটে পাবনা ১ আসনে অন্তর্ভুক্ত বেড়া বাদ দিয়ে পাবনা ২ (সুজানগর-বেড়া) আসনে অন্তর্ভুক্ত করায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হরতাল সমর্থকরা বলেন, অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন করছেন। স্বাভাবিক ভাবেই হরতাল চলছে। তবে অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ও পৌরসহ বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-২ আসন ছিল। কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়ার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে ৬৮ পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।