মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম
প্রবা ফটো।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘হলুদ সাংবাদিকতা সমাজের দুষ্ট ক্ষত। তা রোধ করতে সাংবাদিকদের বস্তুনিষ্ট সাংবাদিকতা চর্চা করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশন করতে হবে। এছাড়া সচেতনতা ও দক্ষতা অর্জনে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে। অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এজন্য সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস রেখে নীতিমালা প্রণয়ন করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
‘রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনার ও মতবিনিময় সভায় মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্র বিশ্বাস। এতে মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক খোলাকাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাজির), দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।