× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরের হাকিমপুর

হাতের টানেই উঠে যায় সড়কের কার্পেটিং

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে কার্পেটিং হাতের টানেই উঠে যায়। প্রবা ফটো

লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে কার্পেটিং হাতের টানেই উঠে যায়। প্রবা ফটো

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এলজিইডির নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সদ্য নির্মিত সড়কগুলোতে কার্পেটিং বসানোর কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে আস্তরণ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ হচ্ছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শনিবার উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের জায়গায় জায়গায় ফাটল ধরে উঠে যাচ্ছে। স্থানীয়রা জানান, এমন কাজের কারণে সড়কগুলো শীতকাল আসার আগেই চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে।

সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এখানে নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। নিম্নমানের কাজের কারণে নির্মাণের দুই-তিন দিনের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। সবার কষ্টের টাকার প্রকল্প যদি এভাবে নষ্ট হলে উন্নয়নের সুফল মানুষ পাবে কীভাবে?’

স্থানীয় কৃষক আবু তাহের বলেন, এই রাস্তা দিয়ে আমরা বাজারে ধান-চাল নিয়ে যাই। কিন্তু কাজের মান এত খারাপ যে, গাড়ি নিয়ে চলাচলই করা যায় না। একদিকে ধুলাবালি, আরেকদিকে ফাটা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

কলেজ পড়ুয়া ছাত্র খাইরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যদি টেকসই না হয় তবে টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। রাস্তার কাজের তদারকি বাড়াতে হবে। আক্কাস স্থানীয় চা দোকানি জানান, ‘রাস্তার কাজ শুরু হতেই আমরা ভেবেছিলাম কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মনে হচ্ছে এ কাজ শুধু টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না।’

গ্রামবাসী হাজেরা বেগম বলেন, এই রাস্তা দিয়ে স্কুলে বাচ্চারা যায়। কার্পেটিং উঠে যাওয়ায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তার কাজ একেবারে ভালো হয়নি।

এলজিইডি হাকিমপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাদের হোসেন জানান, সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুনরায় কাজ করা হবে। আজ (শনিবার) ছুটির দিন সঠিক তথ্য দিতে পারছি না। তবে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) আমিনুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়েছি। এসিল্যান্ডসহ ঘটনাস্থলে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা