বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১ পিএম
প্রবা ফটো।
বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে যায়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন মিছিলকারীরা।
এসময় তারা বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে ঘেরাও করেন মিছিলকারীরা। শুধু জেলা শহরে বাগেরহাটের ৯টি উপজেলায়ও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি অফিসের সামনে অবস্থান করেছে সর্বদলীয় কমিটির নেতা-কর্মীরা।
সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আমরা উচ্চ আদালতে রিট করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশাকরি আগামী সপ্তাহে শুনানী হবে। আমরা কাঙ্খিত সুবিধা পাব।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।