বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ এএম
প্রবা ফটো।
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ২২ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বর্ডার আউটপোস্ট (বিওপি), আন্দুলিয়া বর্ডার আউটপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, বাইসাইকেল, কীটকাশক, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী জব্দ করেন।
বিজিবি জানান, জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২৭ লাখ ২২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।
অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।