গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫২ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদল নেতা সালেহ আকরাম তছলিম দলবল নিয়ে বিল দখল করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দিলে ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে তখন পুলিশ উপস্থিত থাকলেও ছিল নির্বিকার। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পচাপিলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের উরপাথর বিল নিয়ে গত বছর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক সালেহ বিল দখল নিতে গেলে বিলের মালিকানা থাকা ব্যক্তিরা বাধা দেন। সেই সময় রক্তক্ষয়ী সংঘর্ষে স্থানীয় লোকজন আহত হন। গতকাল ফের বিল দখলের জন্য গেলে স্থানীয়রা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।
এ সময় যুবদল নেতা তছলিম ও তার বাহিনীর লোকজন বিলের মালিকানা থাকা ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
আহতরা হলেন- স্বল্প ছাপিলা গ্রামের সারোয়ার হোসেন, মঙ্গন খান, তুষার, রুবেল, আতাউর রহমান খান। তাদের মধ্যে গুরুতর আহত সারোয়ারকে প্রথমে উপজেলা হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, যুবদল নেতা তছলিম এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকায় চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে তার বাহিনী।
স্বল্পছাপিলা গ্রামের জুলাই যোদ্ধা মইন খান বলেন, আমাদের নিজস্ব জমিতে উরপাথর বিলে মাছ চাষ করছি। ইতিমধ্যে তছলিম ও তার বাহিনী চাঁদাবাজি ও দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শনিবার ফের তার বাহিনী নিয়ে দখল করতে গেলে প্রতিরোধ মুখে পড়ে। তবে তার বাহিনী আমাদের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।
এ বিষয়ে অভিযুক্ত সালেহ আকরাম তসলিম বলেন, আমি বিল দখল ও মারামারির সঙ্গে অভিযুক্ত নই।
হামলার সময় পুলিশ নির্বিপাকার ছিল কেন এ সম্পর্কে পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম পুলিশের নীরব থাকার বিষয়টি অস্বীকার করেন।