× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুশিয়ারায় ঢেউ তুলল নৌকাবাইচ

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৪ পিএম

কুশিয়ারায় ঢেউ তুলল নৌকাবাইচ

বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেট বিভাগের প্রাণকেন্দ্র মৌলভীবাজারের শেরপুরের কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রাচীন এ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেট বিভাগের তিন জেলার মোহনা মৌলভীবাজারের শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা।

হাজারো দর্শকের উপস্থিতিতে নদীর দুই তীর মুখরিত হয়ে ওঠা উৎসবমুখর পরিবেশে বিজয়ী হয় নবীগঞ্জের মরম আলীর নৌকা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সুনামগঞ্জের এশকের তরি এবং সিলেটের কানাই শাহ তরি।

এদিন বিকাল ৪টায় নির্ধারিত মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা উপভোগ করতে সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলার দূরদূরান্ত থেকে মানুষ আসতে থাকেন শেরপুরে। দুপুরের মধ্যে শেরপুর হয়ে উঠে লোকে লোকারণ্য। অনেকে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেন আবহমান বাংলার এ ঐতিহ্যবাহী উৎসব। অনেকে ভাড়া করা নৌকায় চড়ে এবারের বাইচ উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। 

এবারের প্রতিযোগিতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ১১টি বাইচের নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় পাঁচটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় তিনটি দল।

কুশিয়ারা নদীর আলীপুর থেকে শেরপুর অক্সিঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার নদীপথে এবারের প্রতিযোগিতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মরম আলীর নৌকা প্রথম, সুনামগঞ্জের এশকের তরি দ্বিতীয় এবং সিলেটের কানাই শাহ তরি তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল, রানারআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে ফ্রিজ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা