বগুড়া অফিস
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫ পিএম
চার বিভাগীয় দলের অধিনায়ককে সঙ্গে নিয়ে বগুড়ায় উন্মোচন করা হয়েছে এনসিএল টি-২০ টুর্নামেন্টের ট্রফি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল অঙ্কন, বরিশালের সালমান হোসাইন ইমন, সিলেটের জাকির হাসান ও রংপুর বিভাগের আকবর আলী। এ সময় স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অধিনায়করা প্রত্যেকেই টুর্নামেন্টে ভালো খেলার পাশাপাশি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এনসিএল টি-২০ গ্রুপ পর্বের খেলা। রবিবার শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এতে মুশফিকুর রহিম, জাকির হাসান ও মাহিদুল অঙ্কনের মতো তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। দীর্ঘদিন পর এ টুর্নামেন্টকে ঘিরে উৎসবে মেতে উঠতে যাচ্ছে বগুড়াসহ উত্তরাঞ্চলের ক্রীড়ামোদিরা।
এ উপলক্ষে বিসিবির উদ্যোগে স্টেডিয়ামের গ্যালারি রং করা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। নতুন সাজে সেজেছে শহীদ চান্দু স্টেডিয়াম।
স্থানীয় ক্রীড়া সংগঠক দেওয়ান আমিনুল হক সজল ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ সাইন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০০৬ সালের পর থেকে এ স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। অথচ এখানেই প্রথমবার শ্রীলঙ্কাকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এছাড়া কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের উৎসবে মেতেছিল বগুড়াবাসী। প্রায় দেড় যুগ পর এ টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন করে ক্রিকেট উৎসবে মেতে উঠবে উত্তরাঞ্চলের মানুষ। তাদের প্রত্যাশা- আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বগুড়ায়।
সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক অধ্যক্ষ তানভীর আলম রিমন বলেন, ‘বগুড়া একমাত্র জেলা যেখানে ধারাবাহিকভাবে ক্রিকেটার তৈরি হচ্ছে। মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মণিসহ অনেক তারকা উঠে এসেছে এখানকার মাঠ থেকে। রাজনৈতিক কারণে এ স্টেডিয়াম অবহেলার শিকার হয়েছে।’
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, শহীদ চান্দু স্টেডিয়াম এশিয়ার অন্যতম সেরা উইকেট হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক খেলোয়াড়রাও এ মাঠের প্রশংসা করেছেন। রাস্তাঘাট, আবাসন ও যোগাযোগ সুবিধা থাকায় নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি করেন তিনি।
উল্লেখ্য, ১৯৬২ সালে নির্মিত এ স্টেডিয়ামটি ১৯৭০ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ চান্দু ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি স্টেডিয়ামের উদ্বোধন হয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ দিয়ে মাঠটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। প্রায় ২০ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামে চেয়ার, ভিআইপি বক্স, মিডিয়া বক্স, ফ্লাডলাইট থাকলেও দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। এবার এনসিএল টি-২০ উপলক্ষে সীমিত আকারে সংস্কারকাজ করা হয়েছে।