আরডি’র অনিয়ম-দুর্নীতি
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম
সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন মো. নাসির। কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) আশরাফ কবির তাকে চুক্তিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেন। অথচ বেতারে আগেই দুটি গাড়ির জন্য দুই চালক কর্মরত ছিলেন। ফলে, কোনো কাজ ছাড়াই নাসিরকে প্রায় তিন বছর নিয়মিত বেতন দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে এলে গত ৫ আগস্টের পর তার নিয়োগ বাতিল করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০২১ সালে ঠাকুরগাঁও থেকে বদলি হয়ে কক্সবাজার বেতারে যোগ দেন আশরাফ কবির। সেতুমন্ত্রী ওবায়াদুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর বাসিন্দা হওয়ায় আশরাফ কবিরের আলাদা প্রভাব ছিল। তথ্যমন্ত্রীকে খুশি করতে শূন্যপদ না থাকা সত্ত্বেও মহেশখালীর বাসিন্দা নাসিরকে চালক পদে নিয়োগ দেন তিনি।
গত ১৬ আগস্ট বেতারের শিল্পীরা তথ্য উপদেষ্টা, বেতারের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন এবং সরকারের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দপ্তরে আরডি আশরাফ কবিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। সাতজন শিল্পীর স্বাক্ষরে সুনির্দিষ্ট ১২টি অভিযোগ উত্থাপন করা হয়।
তারা জানান, প্রায় সাড়ে তিন বছর ধরে কক্সবাজার বেতারের দায়িত্বে থাকা আরডি কেন্দ্রের তৃতীয় শ্রেণির কর্মচারী সংগীত সংকলক মোসলেহ উদ্দিন এবং ক্যাজুয়াল স্টাফ নুরুল আজিমকে নিয়ে একটি সিন্ডিকেট করে নানা অনিয়ম-দুর্নীতি চালিয়ে আসছেন। গত ২৮ আগস্ট অসুস্থজনিত কারণে মোসলেহ উদ্দিন মারা যান।
অভিযোগপত্রে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ব্যক্তিগত গাড়িচালক মো. নাসিরকে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ ছাড়াও যে ১১টি অভিযোগ আনা হয়েছে তা হলো, রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক ইউনিসেফের প্রকল্প থেকেও নামে-বেনামে লাখ লাখ টাকা আত্মসাৎ, শিল্পীদের কম সম্মানী প্রদান ও সরকারি বরাদ্দের শিল্পী খাতের টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হলেও সেখানে কারচুপি করে শিল্পী সম্মানী আত্মসাৎ, সিন্ডিকেট সদস্য ক্যাজুয়াল স্টাফ নুরুল আজিম ও সিএ মোসলেহ উদ্দিন ক্যাজুয়াল স্টাফদের চাকরিচ্যুতির ভয় দেখিয়ে অর্থ আদায়, মিনহাজ নামের আরেকজন চালকের বিরুদ্ধে আরডির বাবুর্চি মুবিন উদ্দিনের ব্যাটারি চালিত টমটম চুরির মিথ্যা অভিযোগ এনে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে চাকরিচ্যুত করার হুমকি এবং তার ৩ মাসের বেতন আত্মসাৎ, কক্সবাজার বেতার প্রতিষ্ঠালগ্ন থেকে ৪০ জনের বেশি লোককে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এদের অন্তত ৩০ জনের কাছ থেকে উচ্চপদস্থ কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নেওয়া, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় বেতারের কর্মচারী রিদোয়ানুল করিমের বিরুদ্ধে শাহাব উদ্দিন নামে এক ছাত্র প্রতিনিধির স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ এনে চট্টগ্রামে বদলি, দুর্নীতির প্রতিবাদ করায় অন্তত ১৫ জন শিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক, নাট্য প্রযোজক ও নাট্যশিল্পীকে অনুষ্ঠান থেকে বিরত রাখা, আরডি সরকারি ডরমিটরিতে বসবাস করলেও কোনো ভাড়া প্রদান না করা, বেতারের কেসিআই এলাকায় দুই একর জমিতে চাষাবাদ ও খেত খামার করা এবং সেচকাজে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে কর্মচারীদের কাছ থেকে সুবিধা নেওয়া, বেতারের আঙিনার শত শত গাছ কেটে লাখ লাখ টাকা আত্মসাৎ, মোসলেহ উদ্দিন ২০০১ সাল থেকে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, প্রায় ২৩ বছর একই কর্মস্থলে থেকে দলীয় প্রভাব খাটিয়ে অফিস নিয়ন্ত্রণ, নামে-বেনামে ভুয়া স্বাক্ষর দিয়ে শিল্পী সম্মানী আত্মসাৎ, বিশেষ করে ইউনিসেফের প্রকল্পে বরাদ্দের তুলনায় কম সম্মানী প্রদান।
চুক্তিভিত্তিক চালক মো. নাজির হোসেন জানান, মিনহাজ নামে অপর চালককে দিয়ে এখন পিয়নের কাজ করানো হচ্ছে। এতে অতিরিক্ত চাপের কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আজিম তাকে ফোনে ২৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন। দাবি পূরণ না করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করে তিন মাসের বেতন ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন নাজির। বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগও দিয়েছেন।
একাধিক কর্মচারী জানান, আরডি ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়। সম্প্রতি শাহাব উদ্দিন নামে এক ছাত্র প্রতিনিধির স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দিয়ে রিদোয়ানুল করিম নামে এক কর্মচারীকে চট্টগ্রামে বদলি করা হয়। পরে শাহাব উদ্দিন বিষয়টি জানতে পেরে এ ঘটনার প্রতিবাদে আরডির বিরুদ্ধে মানববন্ধন করেন। এছাড়াও আরডির স্বেচ্ছাচারিতায় অনুষ্ঠান শাখার কর্মচারী মো. ওসমান গনিসহ অনেকে চাকরি ছেড়ে দেন বলে তারা জানান।
বেতারের সংগীতশিল্পী ও প্রযোজক দ্বীপলাল চক্রবর্তী বলেন, শিল্পীরা সম্মানের কথা ভেবে বেতারে যান। কিন্তু আরডি আশরাফ কবির শিল্পীদের প্রতি ন্যূনতম সম্মান দেখান না। কোনো শিল্পীকে বেতারে ডাকবেনÑ তা সিন্ডিকেটের ইচ্ছার ওপর নির্ভর করে।
তিনি জানান, বংশীবাদক হিসেবে ১০ বছরের বেশি সময় কর্মরত ছিলেন প্রতিবন্ধী রেজাউল করিম। তাকে অমানবিকভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়, এতে শিল্পীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কক্সবাজার জেলা সংগীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক ফরমান উল্লাহ অভিযোগ করেন, বর্তমানে ব্যাংকের মাধ্যমে শিল্পী সম্মানী দিলেও সেখানেও কারচুপি হচ্ছে। মাসের পর মাস শিল্পীরা রেকর্ডিংয়ের টাকা পান না। শুধু শিল্পী খাত নয়, ইউনিসেফ প্রকল্প থেকেও লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
গাড়ি চালক মো. নাসির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিন বেতারে গিয়ে কাজকর্মহীন বসে থাকা নিজেরও ভালো লাগতো না। গত দুই আড়াই বছরে আমাকে শুধু চার পাঁচবার গাড়ি চালাতে দিয়েছেন। তাও ঢাকা থেকে কোনো অতিথি এলে। তবে তার চুক্তি বাতিল করেছে কি না তা জানেন না বলে জানান নাসির।
এসব অভিযোগের বিষয়ে আলাপ করতে অভিযুক্ত বেতারের হিসাব বিভাগের হিসাব সহকারী নুরুল আজিম এবং আঞ্চলিক পরিচালক মো. আশরাফ কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি। প্রতিবেদকের পরিচয়সহ অভিযোগ সংক্রান্ত প্রশ্ন হোয়াইটঅ্যাপে পাঠানোর দুই দিনে মিলেনি সাড়া।