কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম
কক্সবাজারের পেকুয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নারী হুমায়রা বেগম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউছুফ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার স্টেশনে এ ঘটনা ঘটে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘটনায় মামলা নথিভূক্তের পাশাপাশি আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দের পাশাপাশি কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটক মনির হোসেন (৪৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাটি গ্রামের মৃত আলী একাব্বর গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, রাতে ইউসুফ তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে বাঁশখালী থেকে পেকুয়া সদর ইউনিয়নের চইরভাঙ্গা এলাকায় শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে পেকুয়ার হাজীবাজার স্টেশনে পৌঁছালে প্রথমে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করান।
এসময় পেছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী ছিটকে পড়েন। এতে হুমায়রা কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।