ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম
ভুরভুরিয়া চা-বাগানের পাশের পুকুরে শোভা ছড়াচ্ছে সাদা পদ্ম। প্রবা ফটো
চারদিকে সবুজাভ চা-বাগান। এর মাঝে শুষ্ক মৌসুমে চাগাছের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহে মাটির আর্দ্রতা ধরে রাখতে খনন করা হয়েছে বিরাট পুকুর। এই পুকুরে ফুটেছে বিরল প্রজাতির ফুল ‘সাদা পদ্ম’। সাদা পদ্মের সৌন্দর্য উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা প্রতিনিয়ত ভিড় করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের মালিকানাধীন ভুরভুরিয়া চা-বাগানে। বিশেষ করে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং ঈদ-পূজার ছুটিতে বাগানের মন্দিরের পাশে অবস্থিত এ বিশাল পুকুরে ঢল নামে পর্যটকদের। সবুজ চা-বাগানে ঘেরা সাদা পদ্ম পুকুরটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সাদা পদ্মের সঙ্গে পুকুরটিতে রয়েছে লাল শাপলা, নীলপদ্ম, শালুকসহ নানা প্রজাতির জলজ উদ্ভিদ।
রাজশাহী থেকে মৌলভীবাজারে ভ্রমণে আসা স্কুল শিক্ষিকা ফারিহা আলম বলেন, স্বামী-সন্তানসহ মৌলভীবাজারে এসেছি। আমরা মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার পর আমাদের ভাড়া করা জিপের চালক জানালেন সাদা পদ্ম পুকুরটির কথা। তাই এটি দেখতে আসা। পুকুরটির পাড়ে গাছের ছায়ায় বসে পুকুরটির দিকে তাকাতেই মন ছুঁয়ে গেছে। চারদিকে চা-বাগানের মাঝে অনিন্দ্যসুন্দর সাদা পদ্ম পুকুরটি দেখে আমরা মুগ্ধ।
নারায়ণগঞ্জ থেকে আসা শীতল রায় বলেন, ব্যবসার কাজে মাঝে-মধ্যে সিলেট অঞ্চলে আসি। সিলেটের অনেক সুন্দর সুন্দর স্থান দেখেছি। কিন্তু শ্রীমঙ্গল শহরের কাছেই এত অসাধারণ এক সাদা পদ্ম পুকুর রয়েছে তা জানা ছিল না। শহরের এক ব্যবসায়ীর কাছে এটির বর্ণনা শুনে দেখতে এলাম। সত্যিই অপূর্ব, অনেক ক্ষণ বসে ছিলাম পুকুর পাড়ে। এত সুন্দর জায়গা ছেড়ে বিদায় নিতে মন চাইছে না।
মৌলভীবাজারের পর্যটন গাইড শ্যামল দেববর্মা বলেন, এমনিতেই শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রকৃতির এক সুরম্য স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন। পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলোÑ লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বধ্যভূমি একাত্তর, হাম হাম জলপ্রপাত প্রভৃতি এলাকা। এসব মনোমুগ্ধকর স্থানের সঙ্গে নতুন করে যোগ হয়েছে ভুরভুরিয়া চা-বাগানের সাদা পদ্ম পুকুর।