নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪১ পিএম
নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদে বাল্কহেডের সাথে স্পিডবোটের ধাক্কায় ৩ শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিখোঁজরা হলো, খালিয়াজুরী উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫), সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
এ ঘটনায় গুরুতর আহত বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তারকে (৩০) উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানার বরযাত্রী যেতে ভাড়ায় একটি স্পিডবোট আনা হয়। রওনার আগ মূহুর্তে বিয়ে বাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। বাকীরা সাঁতরে তীরে উঠলেও ৩ শিশু ও এক নারী নিখোঁজ রয়েছে।
খালিয়াজুরীর ওসি মকবুল হোসেন জানান, নিখোঁজদের সন্ধানে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আনা হচ্ছে।