ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১:১২ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, যখন সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে। ছাত্ররা কি করছে না করছে সেটা এক হিসেব। জাতীয় নির্বাচনের হিসেব আরেক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেনী শিল্পকলা একাডেমীতে বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আবদুল আওয়াল মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোন সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। দেশে এখনো যেকোনো মুহুর্তে মব তৈরী হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রাজনৈতিক দলের নেতারা।