রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রত্যাহার করে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এক অফিস আদেশে এ বদলির আদেশ প্রদান করেছেন।
জানা গেছে, গত ২৩ আগস্ট মারা যান গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরের ১০-১২ উঁচু একটি স্থাপনা নির্মাণ করা হয়Ñ যা সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের কেবলা কাবা শরিফে মতো দেখতে। তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে গত শুক্রবার জুমার নামাজের পর ইমান আক্বিদা রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। গত ৫ সেপ্টেম্বর তারা দরবারে হামলা চালান এবং দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের কবর ভেঙে দেন। সেই সঙ্গে কবর থেকে মরদেহ উত্তোলন করে তা পুড়িয়েও দেন। দরবারে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। রাসেল মোল্যা নামে একজন নিহত হয়। গোয়ালন্দ থানা পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩ হাজার ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর নিহত রাসেলের পিতা আজাদ মোল্যা বাদী হয়ে অজ্ঞাত ৩৫০০-৪০০০ জনকে আসামি করে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জন গ্রেপ্তার হয়েছে।
এ বিষয়ে জানতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, দাপ্তরিক কাজের প্রয়োজনেই গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়েছে। এটা প্রত্যাহার নয়।