কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আটকরা হলেন— উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৯-ডি ব্লকের মৃত হাফেজ আহমদের ছেলে মো. হাসান (২৫), একই ক্যাম্পের সি-৮ ব্লকের আব্দুর রহিমের ছেলে এনাম করিম (২৫) এবং এ-৯ ব্লকের মো. হাসানের ছেলে মো. আয়াজ (২১)।
লে. কর্নেল খায়রুল আলম জানান, ভোরে মিয়ানমার থেকে মাদকের চালান আসছে— এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্তে অবস্থান নেয়। এসময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে তিনজন ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।