× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে উন্নয়নের স্বাদ পাচ্ছে মানুষ

মেরিনা লাভলী, রংপুর

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭ পিএম

রংপুরে উন্নয়নের স্বাদ পাচ্ছে মানুষ

রংপুরে গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ঘটায় স্থানীয়দের জীবনযাত্রার মান বেড়েছে। কৃষিপ্রধান রংপুরে পণ্য পরিবহন, বিক্রয়ে সুবিধা এনে দিয়েছে যোগাযোগ অবকাঠামোর উন্নতি সাধন। ফলে এলাকায় আর্থসামাজিক অবস্থার নজরকাড়া উন্নয়ন ঘটছে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দলীয় চাপ না থাকায়, কঠোর তদারকি ও বরাদ্দের সুষ্ঠু বণ্টনে যথাযথ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। জানা যায়, রংপুরের তিস্তা নদীবেষ্টিত উপজেলা পীরগাছা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, চরাঞ্চলের নাগরিক সেবা নিশ্চিত করা অনেক দুরূহ। তবে বর্তমানে রাজনৈতিক প্রভাবমুক্ত সরকারি অফিসগুলো। এতে প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ছোট ছোট প্রকল্পে সৌন্দর্য বাড়ানো, চলাচলের রাস্তা তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং সোলার সিস্টেম কার্যক্রমে আশার আলো দেখছে পীরগাছার মানুষ।

প্রকল্প বাস্তবায়নে কঠোর তদারকি আর কাজের গুণগত মান রক্ষা করা হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরে পীরগাছায় ৫ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকা ও ৩৬৭ মেট্রিক টন খাদ্যশস্যের (চাল ও গম) মাধ্যমে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো সংস্কার এবং ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তার রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব বরাদ্দের আওতায় ৩৪৭টি প্রকল্পের কাজ এখন দৃশ্যমান। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে পীরগাছায় ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার’ (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় ১৬০টি বাস্তবায়িত প্রকল্পের মধ্যে সাড়ে ৯ কিলোমিটার সিসি ঢালাই রাস্তা নির্মাণ, গ্রামীণ রাস্তার ধার ও ৫টি ব্রিজের অ্যাপ্রোচের মাটি ধরে রাখার জন্য দেড় কিলোমিটার গাইডওয়াল নির্মাণ, ১৫ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার, মাঠ উন্নয়নের লক্ষ্যে ১৯ হাজার ১০৫ বর্গমিটার মাটি ভরাট, ৫৬টি ব্রিজ-কালভার্টের অ্যাপ্রোচে মাটি দিয়ে সংস্কার ও রঙকরণ, উপজেলায় ত্রাণসামগ্রী সংরক্ষণের জন্য গুদামঘর নির্মাণ করা হয়েছে।

‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ’ (টিআর) কর্মসূচির আওতায় ১৮৭টি ছোট ছোট প্রকল্পের মাধ্যমে আড়াই কিলোমিটার সিসি রাস্তা নির্মাণ, উপজেলার সব ভূমি অফিসে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন সময় নির্মিত ৫৪টি ব্রিজ-কালভার্টের অ্যাপ্রোচ সংস্কার এবং সৌন্দর্য বাড়ানোর জন্য রঙ করা, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর পাশে গাইডওয়াল নির্মাণ, ক্ষতিগ্রস্ত মাটির রাস্তা সংস্কার করা হয়।

কৈকুড়ি ইউনিয়নের দোলাপাড়ার মোকসেদ মিয়া বলেন, পুকুরের পাড়গুলা ভেঙে পড়ছিল। উপজেলা থেকে পাড় বেঁধে দেওয়া হয়েছে। রাস্তা ঠিক করে দিয়েছে। এ কারণে যান চলাচলে সুবিধা হয়েছে।

ছাওলা ইউনিয়নের গাবুড়ার বাসিন্দা মজিবর মিয়া বলেন, এলাকায় বিদ্যুৎ নেই। রাতে যাতায়াতে সমস্যা হয়। উপজেলা থেকে সোলার লাইট লাগিয়ে দিয়েছে। এখন চলাফেরায় অসুবিধা হয় না।

একই এলাকার মহসিনা বেগম বলেন, বৃষ্টি ও বন্যায় অনেক রাস্তা নষ্ট হয়েছিল। উপজেলা প্রশাসন ছোট পুল বানিয়ে দিয়েছে। রাস্তা সংস্কার করেছে। ছোট ছোট পুল বানিয়ে দেওয়ায় যাতায়াত অনেক সহজতর হয়েছে।

কৈকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম মিয়া বলেন, আমার ইউনিয়নের মানুষের যোগাযোগ, আর্থসামাজিক উন্নয়নে ছোট ছোট অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এতে এলাকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। ভবিষ্যতে এমন উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকলে এলাকার চিত্র আমূল পাল্টে যাবে। 

পীরগাছা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, পীরগাছা তিস্তা নদীবেষ্টিত এলাকা। এখনকার অনেক মানুষ খরা, নদীভাঙন ‍ও বন্যার সঙ্গে নিয়মিত সংগ্রাম করে চলে। এ ছাড়া প্রতি বছর বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই গুণগত মান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে এসব রাস্তাঘাট বানানো হয়েছে।

পীরগাছা ইউএনও শেখ রাসেল বলেন, সরকারি টাকা যেন স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হয়, সেভাবেই কাজ করা হচ্ছে। পীরগাছার মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা