বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেছেন।
গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। যার বিজয়নগর থানার মামলা নং-১৭। মামলায় দৌলতবাড়ি দরবার শরিফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরিফের পীর ও আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়; যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
এ ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিজয়নগর থানা-পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।