চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২ পিএম
প্রবা ফটো।
ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদনের অভিযোগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। একই দিন অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ, আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর দেওয়ানহাট এবং পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস বেকারিতে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদন, চিপস উৎপাদনে ক্ষতিকর কেমিক্যাল প্রচুর পরিমাণে ব্যবহার এবং অপরিচ্ছন্ন উপায়ে চিপস সংরক্ষণ করছে। পরে এ ঘট্নায় আমরা প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছি।
তিনি আরও বলেন, একই দিন আমরা দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ‘হোটেল সিটি আই’ রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং পুরাতন বাসি গ্রিল মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা, একই এলাকার মোড়ের মুসলিম হোটেল ও দরবার ভাতঘরকে ৬ হাজার টাকা, ফারিয়া মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।