সিলেট অফিস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
সিলেট নগরীকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘জিনিয়া’ মোবাইল অ্যাপ চালু করেছে মেট্রোপলিটন পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অ্যাপের মাধ্যমে সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো সুবিধাও যুক্ত করা হবে।
তিনি বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ একা পারে না, নাগরিকদের সহযোগিতা দরকার। প্রিয় সিলেটবাসী, এটি আমাদের যৌথ স্বপ্ন- যেখানে সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।’