যশোর প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০ পিএম
যশোরে ৩ কোটি টাকার ১৭টি স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।
বিজিবি জানায়, ঢাকার ধোলাইপাড় থেকে স্বর্ণের একটি বড় চালান যশোর হয়ে সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে—এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় সঞ্জয় সরকারকে আটক করে তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষভাবে লুকানো ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় দুই কেজি এবং যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক সঞ্জয়ের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বিকালে তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।