খুলনা অফিস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১ পিএম
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার বলেছেন, জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর প্রভাব শুধু পরিবেশেই সীমাবদ্ধ নয়; কৃষি, বনায়ন, নগরায়ণ, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ প্রতিটি খাতই এর ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবেশবান্ধব কৌশল গ্রহণ এখন সময়ের দাবি। এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কৃষি, বনায়ন, নগরায়ণ ও পরিবেশের ওপর আয়োজিত এক সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে এসব কথা বলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও ইয়ুথ ফর এনডিসি যৌথভাবে এ আয়োজন করে।
রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কৃষি ও গ্রামীণ জীবিকা মারাত্মক হুমকির মুখে। নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, টেকসই কৃষি ব্যবস্থা ও পরিবেশবান্ধব নগর পরিকল্পনায় তরুণদের এগিয়ে আসতে হবে। অন্যথায় আগামী প্রজন্ম ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা প্রতিদিন ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে। আগামী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (এনডিসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেখানে জলবায়ু-স্মার্ট কৃষি, টেকসই বনায়ন ও সহনশীল নগরায়ণ প্রাধান্য পাবে। তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইতোমধ্যে লবণসহনশীল ফসল, ম্যানগ্রোভ সংরক্ষণ ও টেকসই শহর পরিকল্পনায় গবেষণা করছেন, যা সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।
আরও বক্তব্য রাখেন ইইউ ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, বিআইপি’র প্রেসিডেন্ট প্রফেসর ড. আদিল মুহাম্মদ খান এবং ইয়ুথ ফর এনডিসির প্রতিনিধি ফাইয়াজ।
এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।