কুমিল্লা অফিস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২) এবং উপজেলার পেড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, আহসান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে নিজের জুয়েলারি দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহসান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিকেল সেন্টার এবং আরিফুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনায় দুজন নিহতের খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।