গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭ এএম
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
জানা যায়, আগস্ট মাসের বেতন গতকাল দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেননি। এতে ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার সকালে দেড় থেকে দুইশো শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, আমাদের ১ মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল বেতন দেয়ার কথা কিন্তু দেয়নি। শুনলাম মালিকের মোবাইল ফোনও বন্ধ। আমাদের আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে। না হলে আমরা মহাসড়ক ছাড়বো না।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে চাইলে মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের অনন্য কর্মকর্তারা কথা বলতে রাজি হয়নি।