নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩ পিএম
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে সোহেল রানা এবং একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ বোতল বিদেশি মদসহ সোহেল রানাকে এবং ২’শ পিচ ইয়াবাসহ আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।