ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০ পিএম
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকেই আলগী ও হামিরদী ইউনিয়নের মানুষদের সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়নের বাসিন্দারাও আন্দোলনে একত্রিত হয়েছেন।
আন্দোলনকারীদের ভাষ্যে, এটি শুধু সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের বিষয় নয়, এটি তাদের ভিটেমাটি রক্ষার আন্দোলন, অস্তিত্বের আন্দোলন, জীবন-মরণ ও ভাগ্য নির্ধারণের আন্দোলন। তারা স্পষ্টভাবে জানান, ভাঙ্গার অংশ হিসেবেই তারা থাকতে চান, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।
স্থানীয়দের একমাত্র দাবি, বিতর্কিত গেজেট বাতিল করে আলগী ও হামিরদী ইউনিয়নকে আবার ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেওয়া।
এই অবস্থায় যাত্রী সাধারণ এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাটসহ ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাননি তারা। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।